ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ওমিক্রন ঠেকাতে আসতে পারে কঠোর বিধিনিষেধ

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ববাসী। বাংলাদেশও রয়েছে এর ঝুঁকিতে। এমতাবস্থায় কীভাবে এই নতুন ধরন প্রতিরোধ করা যাবে, কী করণীয় সেসব বিষয়ে ১৮টি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে বসবেন বলে জানা গেছে।


সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ, ভিড় কমানো, আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করা, বাধ্যতামূলক মাস্ক পরা, সীমান্ত এলাকাগুলোতে স্ক্রিনিং জোরদারসহ বেশ কিছু বিধি-নিষেধ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।


মঙ্গলবার (৩০ নভেম্বর) এই প্রেক্ষাপটে ১৮টি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে বসছেন। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্তগুলো নেওয়া হবে। বৈঠকের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


এরই মধ্যে ইউরোপের অনেক দেশ আফ্রিকার সব দেশের সঙ্গেই ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশও একই সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সেসঙ্গে করোনার দক্ষিণ আফ্রিকান ধরনটির বিস্তার ঠেকানোর অংশ হিসেবে সীমান্ত এলাকার বন্দরগুলোতে সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে।


উল্লেখ্য, গত রবিবার (২৮ নভেম্বর) কোভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বৈঠক করেছে। কমিটির সদস্যরা চারটি সুপারিশ করেছেন। এগুলো হচ্ছ- যেসব দেশে ওমিক্রন সংক্রমণ ছড়িয়েছে সেখান থেকে যাত্রী আসা বন্ধ করতে হবে। কোনো ব্যক্তির এসব দেশে ভ্রমণের সাম্প্রতিক (শেষ ১৪ দিন) ইতিহাস থাকলে তাকে বাংলাদেশে ১৪ দিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা শনাক্ত হলে আইসোলেশনে যেতে হবে।


প্রতিটি বন্দর ও সীমান্তে স্ক্রিনিং পরীক্ষা, সামাজিক সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা (স্কুল, কলেজসহ), চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা, বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করা এবং মানুষকে উৎসাহিত করতে করোনা পরীক্ষা বিনা মূল্যে করার সুপারিশ করা হয়।


প্রসঙ্গত, ইতোমধ্যে ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে ১৫ দফা পদক্ষেপ কঠোরভাবে বাস্তবায়নের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

ads
ads
ads

Our Facebook Page

↑